রিমি খাতুনের ন্যায়বিচারের দাবিতে জামুড়িয়ায় ডিওয়াইএফআই-এর বিক্ষোভ

স্পষ্ট বার্তা, জামুড়িয়া ৭ জুলাই :-

বারুইপুরে ৯ বছরের শিশু রিমি খাতুনের ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে উত্তাল হলো জামুড়িয়া। দোষীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভে সামিল হল ডিওয়াইএফআই-এর কর্মী-সমর্থকেরা। ডিওয়াইএফআই জামুড়িয়া লোকাল কমিটির উদ্যোগে জামুড়িয়া বাজারের সিধু-কানু মূর্তির পাদদেশে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশগ্রহণকারীরা ঘটনার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই জামুড়িয়া লোকাল কমিটির সম্পাদক কমরেড অরুণাভ মুখার্জি বলেন, বারুইপুরের এই নৃশংস ঘটনা গোটা সমাজকে স্তম্ভিত করেছে। তিনি বলেন, ডিওয়াইএফআই এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানাচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছে।

তিনি আরও বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ও দ্রুত পদক্ষেপ নিতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করারও দাবি জানান তিনি।

পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি দ্রুত ও নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে ডিওয়াইএফআই আগামী দিনে সারা রাজ্যজুড়ে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটবে।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *