আসানসোল শিল্পাঞ্চলে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি। ভোট পরবর্তী হিংসার অভিযোগে এবার সরাসরি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বুধবার বিকেলে রাজ্যের বিদায়ী মন্ত্রী মলয় ঘটক, জেলা তৃণমূল সভাপতি তথা প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বারাবনির প্রাক্তন বিধায়ক বিধান উপাধ্যায় এবং জামুড়িয়ার প্রাক্তন বিধায়ক হরেরাম সিং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি অফিসে পৌঁছে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক অভিযোগ করেন, ভোট পরবর্তী হিংসার জেরে জেলাজুড়ে প্রায় এক হাজার তৃণমূল কর্মী-সমর্থক ঘরছাড়া হয়ে পড়েছেন। তাঁর দাবি, বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয়ে ভাঙচুর, দখল এবং আগুন লাগানোর ঘটনা ঘটছে লাগাতার। এমনকি বহু কাউন্সিলর ও পঞ্চায়েত প্রধানদের বাড়িতেও হামলার অভিযোগ উঠেছে।
মলয় ঘটক বলেন, “প্রতি ঘণ্টায় তিন থেকে চারটি করে হামলার খবর আমাদের কাছে আসছে। বিজেপির জয়ী প্রার্থীরা প্রকাশ্যে শান্তির বার্তা দিলেও বাস্তবে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।”
এই পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ, আক্রান্ত কর্মীদের নিরাপত্তা এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে, পুলিশ কমিশনার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
মলয় ঘটকের কথায়, “শিল্পাঞ্চলে এর আগে কখনও এমন ভয়াবহ পরিস্থিতি দেখা যায়নি।”
ভোটের ফল প্রকাশের পর থেকেই আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক তরজার পাশাপাশি বাড়ছে সংঘর্ষের অভিযোগও। ফলে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ।
PREV
গাড়ির শোরুমে আগুন, দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে